গ্যারেজ মালিকের এক আছাড়ে অটোচালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:২০ এএম, ১৩ মার্চ ২০১৯

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আছাড় দিয়ে নুরে আলম ওরফে নুরা (৩৫) নামে এক অটোচালককে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর ঘাতক সফিকুলকে (২৭) আটক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কালাপাহাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নুরে আলম ওই গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।

আড়াইহাজারের কালাপাহাড়িয়ার তদন্ত কেন্দ্রের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিজয় কুমার কর্মকার জানান, নুরে আলম পেশায় অটোরিকশা চালক। তিনি মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সফিকের গ্যারেজে গাড়ির চাকা ঠিক করতে যান। চাকা ঠিক করাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে হাতাহাতির একপর্যায়ে গ্যারেজ মালিক নুরকে সজোরে আছাড় দেন। এতে তিনি গাছের ওপর পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

আড়াইহাজার থানা পুলিশের ওসি আক্তার হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, ঘাতক সফিকুলকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহাদাত হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।