হাঁপানির ওষুধ নিতে রোগীদের উপচে পড়া ভিড়


প্রকাশিত: ০৮:২৭ এএম, ৩১ আগস্ট ২০১৫

স্বপ্নে পাওয়া ওষুধ খেয়ে হাঁপানি ও অ্যাজমা রোগ থেকে মুক্তি পেতে গাজীপুর সদর উপজেলার আমুনা গ্রামের ফজলে মুন্সির বাড়িতে সোমবার বাদ ফজর থেকে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বৃষ্টি, কর্দমাক্ত মাটির রাস্তা পার হয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ।

খালি পেটে ওষুধটি খেতে হয় বলে ভোর থেকেই রোগী ও তার স্বজনরা আসছেন বলে জানা গেছে।

এর আগে রোববার থেকেই আশপাশের এলাকা এবং দেশের বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ গাজীপুর সদর উপজেলার আমুনা গ্রামে এসে ভিড় করতে থাকে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক নারী ফজলে মুন্সির বাড়ির বারিন্দা, উঠানে এবং বিভিন্ন ঘরে অবস্থান নেয়। আর পুরুষরা অবস্থান নেয় বিভিন্ন মসজিদ ও প্রতিবেশীর বাড়িতে।

জানা গেছে, প্রায় শত বছর আগে গাজীপুর সদর উপজেলা বাড়িয়া ইউনিয়নের আমুনা গ্রামের ফজলে মুন্সি স্বপ্নযোগে হাঁপানি, শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগের ওষুধটি পান। এরপর তিনি এটি গ্রামের মানুষের মাঝে বিতরণ করতে থাকেন। রোগ থেকে মুক্তি পাওয়ায় এ ওষুধের কথা ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামে।

বর্তমানে এ ওষুধের কথা সারাদেশে ছড়িয়ে পড়েছে। প্রতি বছর ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে এটি বিতরণ করা হয়। লক্ষাধিক লোক প্রতি বছর এ ওষুধটি নিতে গাজীপুরের আমুনা গ্রামে এসে ভিড় করেন। এ বছর সোমবার বাদ ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত এ ওষুধটি বিতরণ করা হবে।

আমুনা গ্রামের ফজলে মুন্সির ইন্তেকালের পর নাতি সিরাজ মুন্সি ও আ. মোতালেব উত্তরাধিকার সূত্রে পেয়ে এটি বিতরণ করছেন। আ. মোতালেব জানান, দাদা ফজলে মুন্সি স্বপ্নযোগে এ ওষুধটি পেয়েছিলেন। তার দেখানো পথ অনুসরণ করে তার মৃত্যুর পর আমরা দুই ভাই এ ওষুধটি বিতরণ করে আসছি। দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত থেকে হাঁপানি ও শ্বাসকষ্টের রোগীরা আসছেন ওষুধটি খেতে।
                    
আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।