রূপগঞ্জে গরু চুরি আতঙ্ক : ঘুম নেই খামারিদের


প্রকাশিত: ১২:২০ পিএম, ৩১ আগস্ট ২০১৫
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন খামারিরা। রাতের বেলা না ঘুমিয়ে তারা খামারে গরু পাহাড়া দিচ্ছেন বলে জানা গেছে। গত এক মাসে প্রায় শতাধিক গরু চুরি ও লুটের ঘটনা ঘটেছে। গরু চুরির ঠেকাতে এলাকায় নিয়মিত পাহাড়ার পাশাপাশি পুলিশ টহল দিচ্ছেন।

এদিকে আব্দুস সামাদের খামার থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। গরু চুরির অভিযোগে সোমবার সকালে সামাদ মিয়া রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

গরুর খামারি আব্দুস সামাদ জাগো নিউজকে জানান, রাতে গরুগুলোকে খামারে বেঁধে রাখেন। এরপর স্ত্রী-সন্তানদের নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান খামারে ৩টি গরু নেই। এতে করে রূপগঞ্জে গরু চুরির আতঙ্কে রয়েছেন খামারিরা।

এলাকাবাসী জানিয়েছেন, কোরবানির ঈদকে সামনে রেখে ইদানিং ঘন ঘন গরু চুরি ও লুটের ঘটনা ঘটছে। লুটকারি ও চোরের দল প্রায় প্রতি রাতেই কারো কারো খামারে হানা দিচ্ছেন। এতে দরিদ্র ঘরের খামারিরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দিনভর মাঠে কাজ করে আবার রাতভর পাহারা দিয়েও গরুগুলো রক্ষা করতে পারছেন না। গত এক মাসে রূপগঞ্জ সদর ও দাউদপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম থেকে শতাধিক গরু লুট ও চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, গরু উদ্ধার ও চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া প্রতিটি এলাকায় পাহাড়ার ব্যবস্থার পাশাপাশি পুলিশি টহল জোরদার করা হয়েছে।
   
শাহাদাৎ হোসেন/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।