খালে ধসে পড়া ১০ কোটি টাকার কাজ শুরু হয়নি এখনও
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নোয়াগাঁও এলাকায় ধসেপড়া সড়কের রিটেইনিং দেয়াল ১৫ দিনের মধ্যে পুনরায় নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হয়েছে। কিন্তু শুক্রবার পর্যন্ত সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরুই করেনি।
এদিকে ওই দেয়ালটি ধসে পড়ার কারণ উদঘাটন করার জন্য গঠিত তিন সদস্যের কমিটিও নির্ধারিত সময়ে তাদের প্রতিবেদন জমা দেয়নি।
জানা যায়, নগরীর নোয়াগাঁও-বেলতলী সড়কের রিটেইনিং দেয়াল নির্মাণের দুই মাসেই গত ১৭ এপ্রিল ধসে খালে পড়ে যায়। এ নিয়ে জাগো নিউজে ‘১০ কোটি টাকার কাজ দুই মাসেই পড়ে গেল খালে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কুসিক কর্তৃপক্ষ ও দুর্নীতি দমন কমিশনসহ প্রশাসনের কর্মকর্তাদের দৌঁড়ঝাপ শুরু হয়।
এতে ১৫ দিনের মধ্যে ধসে পড়া দেয়ালটি পুনরায় নির্মাণ করার জন্য গত ২১ এপ্রিল কুসিকের প্রধান প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত চিঠি সংশ্লিষ্ট দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হয়। ওই চিঠির নির্দেশনা অনুযায়ী পরদিন ২২ এপ্রিল থেকে ধসেপড়া দেয়ালটি পুনরায় নির্মাণের কাজ শুরু করার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত ওই কাজ শুরুই করা হয়নি।

নোয়াগাঁওসহ নগরীর কয়েকজন বাসিন্দা বলেন, নিম্নমানের কাজের কারণে দেয়ালটি ধসে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান হক এন্টারপ্রাইজের ম্যানেজার মানিক সাহা বলেন, খুব শিগগিরই দেয়ালটির পুনরায় নির্মাণ কাজ শুরু করা হবে।
কুসিকের প্রধান প্রকৌশলী ও তদন্ত কমিটির আহ্বায়ক মো. সফিকুল ইসলাম ভূঁইয়া জানান, ওই রিটেইনিং দেয়ালের ধসেপড়া অংশ ১৫ দিনের মধ্যে পুনরায় নির্মাণ করে দেয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানে গত ২১ এপ্রিল চিঠি পাঠানো হয়। নির্ধারিত সময়ে কাজটি সম্পন্ন না করলে ব্যবস্থা নেয়া হবে। তবে কেন দেয়ালটি ধসে পড়ল এর কারণ চিহ্নিত করার জন্য গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন শিগগিরই জমা দেয়া হবে।
মো. কামাল উদ্দিন/জেডএ/জেআইএম