সোনারগাঁয়ে কোটি টাকার সরকারি বিদ্যুতের তার উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ৩০ জুন ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে এক কোটি টাকা মূল্যের সরকারি বিদ্যুতের তার উদ্ধার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। এ সময় বিদ্যুতের তার চোরাই চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে অভিযান চালিয়ে তারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মুন্সীগঞ্জের শ্রীনগরের কুলাপাড়া এলাকায় আব্দুল খালেক ব্যাপারীর ছেলে গোলাম মাওলা কায়েস (৫০) ও ড়াঢিঘাল এলাকার মৃত নিয়াস উদ্দিনের ছেলে ইবনে সাইদ রেজা (২৫)। এ সময় তাদের কাছ থেকে ১৬ হাজার ৩০ কেজি বিদ্যুতের তার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে গোলাম মাওলা কায়েসের নেতৃত্বে এই সংঘবদ্ধ অপরাধী চক্র দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি বিদ্যুতের তার অবৈধভাবে সংগ্রহ করে কাঁচপুর বিসিক শিল্প এলাকায় গোপনে মজুত করে আসছে। এ বিদ্যুতের তারগুলো মূলত সরকারি বিদ্যুৎ বিভাগের সম্পত্তি।

cabls

তিনি আরও জানান, নানাভাবে অবৈধপন্থায় চোরাই চক্রের মাধ্যমে সরকারি তারগুলো সংগ্রহ করা হয়। এখানে বিদ্যুতের তারগুলো থেকে রাবারের কাভার খুলে কেটে অ্যালুমিনিয়াম হিসেবে কেজি দরে বিভিন্ন কারখানায় বিক্রি করে দেয়া হয়। গ্রেফতার গোলাম মাওলা কায়েসের নামে একই অপরাধে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

হোসেন চিশতী সিপলু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।