১০ বছরের ছাত্রীকে যৌন নির্যাতন, মাদরাসা শিক্ষক কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০১ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

কুমিল্লায় ১০ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আবুল হাসান (৩৫) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাতে মুরাদনগর থানা পুলিশ তাকে মাদরাসার অফিস কক্ষ থেকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার আবুল হাসান জেলার মুরাদনগর উপজেলা সদরের নিমাইকান্দি উম্মেহানী মহিলা মাদরাসার প্রধান শিক্ষক এবং নিমাইকান্দি গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, একশ টাকা চুরির অপবাদ দিয়ে প্রধান শিক্ষক আবুল হাসান হেফজ বিভাগের এক ছাত্রীকে গত ২৩ সেপ্টেম্বর মাদরাসার অফিস কক্ষে ডেকে নেয়। তখন তল্লাশীর নামে ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে যৌন নির্যাতন চালান। এরপর থেকে সে মাদরাসায় যেতে রাজি না হওয়ায় তার মা তাকে জোর করে পাঠানোর চেষ্টা করে। এতে সে মাদরাসার প্রধান শিক্ষক আবুল হাসান কর্তৃক যৌন নির্যাতনের ঘটনাটি তার মায়ের নিকট খুলে বলে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সোমবার রাতে মুরাদনগর থানায় মামলা করেন।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুর আলম জানান, গতকাল সোমবার রাতেই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।