১৪ ছিনতাইকারীর কাছে মিলল ১২৫০ মোবাইল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১২ অক্টোবর ২০১৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে মূলহোতাসহ ছিনতাইকারী চক্রের ১৪ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ও বিহারি ক্যাম্প এলাকায় এই অভিযান চালায় র‌্যাব-১১ এর একটি টিম।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৩৫০টি স্মার্টফোনসহ ১২৫০টি মোবাইল ফোন এবং নগদ ২২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- মো. সাজ্জাদ হোসেন (২৪), মো. শাহজালাল হাওলাদার (৩২), মো. হৃদয় (২১), মো. আ. ছাত্তার (৪৫), মো. মিলন হোসেন (৩৫), আবুল হোসেন (২৫), মো. মোস্তফা (৩১), মো. আলী অজগর (২১), মো. রমজান সরদার (৩১), মো. নাসির উদ্দিন (৪৩), মো. দেলোয়ার হোসেন (৩৫), মো. মাহিম মিয়া (২৮), মো. হায়দার আলী (৪৫) ও মো. শাহজাহান (১৮)।

শনিবার দুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। সাজ্জাদ এই চক্রের মূলহোতা। চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড ও চিটাগাং রোড এবং এর আশপাশের এলাকায় গার্মেন্টস কর্মী, পথচারী ও সাধারণ লোকজনের মানিব্যাগ, মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে আসছে। চক্রের সদস্যরা ছিনতাইকৃত মালামাল সাজ্জাদ হোসেনের কাছে নিয়ে আসে। সাজ্জাদ এই মালামাল হিরাঝিল এলাকার বিভিন্ন দোকানে গোপনে মজুদ রাখে এবং বিভিন্ন ক্রেতাদের কাছে বিক্রি করে।

র‌্যাব-১১ এর অনুসন্ধানে ছিনতাই চক্রের সত্যতা পেয়ে শুক্রবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ও বিহারী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে মূলহোতাসহ ওই চক্রের ১৪ জন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

হোসেন চিশতী সিপলু/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।