এখন দোয়া পাওয়ার জন্য রাজনীতি করি : শামীম ওসমান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১৯ অক্টোবর ২০১৯

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, শয়তান শেখ হাসিনার সঙ্গে শয়তানি করতে পারবে না। কেননা শয়তান আল্লাহর সঙ্গে শয়তানি করতে পারে না। শেখ হাসিনার ওপর আল্লাহ তায়ালার রহমত আছে।

শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, বুয়েটের ঘটনা মেনে নিতে পারছি না। যখন ওই ২০টা ছেলের ফাঁসি হবে ওটাও মেনে নিতে পারবো না। ওদের বাবা-মায়ের কী হবে? ওরাও বেস্ট ছাত্র ছিল।

তিনি বলেন, ‘আমি এখন দোয়া পাওয়ার জন্য রাজনীতি করি। অন্য কিছুর জন্য রাজনীতি করি না। মৃত্যুর পর লোকজন যেন ইস্ বলে আফসোস করে তার জন্য রাজনীতি করি।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, তোমার মা-বাবা তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখেন তাদের সেই স্বপ্ন যেন আল্লাহ সুবহানাতায়ালা পূরণ করেন তোমরা সেই চেষ্টাই করবে। তুমি এতটুকু ওপরে যাও যেন তোমাকে নিয়ে আমরা গর্ব করতে পারি।

জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া, কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য বদিউজ্জামান বদু, নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক সামছুল আলম বাচ্চু ও জাকির হোসেন উপস্থিত ছিলেন।

হোসেন চিশতী সিপলু/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।