কোটালীপাড়া থানায় মামলা-জিডি করতে টাকা লাগে না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০৫ নভেম্বর ২০১৯

গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ভবনের প্রবেশ দ্বারে ও ডিউটি অফিসারের রুমে ব্যতিক্রমী সব সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে। এতে মূল প্রবেশ দ্বারে লেখা আছে ‘কোটালীপাড়া থানায় মামলা বা জিডি করতে টাকা লাগে না’ আর ডিউটি অফিসারের কক্ষে লেখা আছে ‘এখানে অসহায় গরীবদের বিনা টাকায় জিডি/অভিযোগ লিখে দিয়ে সহায়তা করা হয়’।

কোটালীপাড়া থানায় সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। ওসির এই উদ্যোগকে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাগত জানিয়েছেন।

গতকাল সোমবার থানায় গিয়ে দেখা যায়, উপজেলার সোনাটিয়া গ্রামের এনতাজ ফরাজীর স্ত্রী কদ ভানু (৭০) এসেছেন আনসার ভিডিপি ব্যাংকে তার পাওনা সঞ্চয় আদায়ে আইনগত সহায়তার জন্য। তাকে ডিউটি অফিসার মো. সোহেল নিজেই অভিযোগ লিখে দিয়ে ইমার্জেন্সি অফিসার পাঠিয়ে সঞ্চয় আদায়ের ব্যবস্থা করলেন। তাও আবার মাত্র আধা ঘণ্টার মধ্যেই।

এ জন্য ওই বৃদ্ধা পুলিশের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পুলিশ আমার কাছ থেকে কোনো টাকা নেয়নি। আমার অভিযোগ তারাই লিখে দিয়েছে। আমি পুলিশকে ধন্যবাদ জানাই।

কোটালীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, থানায় সেবা প্রত্যাশীরা যাতে কোনো প্রকার প্রতারণা বা হয়রানির শিকার না হয় সে জন্য এ সাইনবোর্ড টাঙানো হয়েছে। আমরা কোটালীপাড়া থানার পক্ষ থেকে কোনো প্রকার টাকা ছাড়াই জনগণকে সেবা দিচ্ছি এবং ভবিষ্যতেও দিতে চাই।

কোটালীপাড়া উপজেলার বাসিন্দা জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু বলেন, ওসি সাহেব যে উদ্যোগটি গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি একজন দক্ষ ও মানবিক অফিসার।

উপজেলার কুশলা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল বলেন, ওসি শেখ লুৎফর রহমান কোটালীপাড়া থানায় যোগদানের পরে মাদক, বাল্যবিয়ে, জুয়া, ইভটিজিং প্রতিরোধে ব্যাপক কাজ করে যাচ্ছেন। তার কর্মদক্ষতায় এ উপজেলার অপরাধমূলক কর্মকাণ্ড অনেক কমে গেছে।

আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।