হেলপার লাফিয়ে বাঁচলেও পারলেন না চালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ০৭ জুন ২০২০

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সেতু ভেঙে বালুবোঝাই একটি ট্রাক্টর খাদে পড়ে চালক রাসেল মিয়া (২৮) নিহত হয়েছেন।

রোববার (০৭ জুন) সকাল ১০টার দিকে দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের গুনাইঘর বাজার থেকে বাঙ্গুরী যাওয়ার পথে চান্দার বাড়ি সংলগ্ন ব্রিজে এ ঘটনা ঘটে। নিহত ওই চালক দেবিদ্বার পৌর এলাকার পুরাতন বাজার উত্তর পাড়ার মো. শহীদ ড্রাইভারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যান চলাচলের অনুপযোগী ছিল। স্থানীয়রা সেতুর ওপরে বাঁশের বেড়া দিয়ে বিপদ সংকেত হিসেবে লাল কাপড় লাগিয়ে দেয়। সকালে বালুবোঝাই ট্রাক্টর সেতুর ওপরে উঠা মাত্রই ট্রাক্টরের সামনের অংশ সেতু ভেঙে খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরের হেলপার লাফিয়ে বাঁচতে পারলেও ভাঙা সেতু ও ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক রাসেল। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালকের মরদেহ ও ট্রাক্টরটি উদ্ধার করে পুলিশ।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পরও কিছু চালক অবৈধভাবে মালামাল পরিবহন করায় এ দুর্ঘটনা ঘটেছে। সেতুটি পুনরায় সংস্কার কাজের জন্য প্রক্রিয়া চলছে।

কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।