রূপগঞ্জে দুই মহাসড়কে দীর্ঘ যানজট, যাত্রীদের ভোগান্তি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে ১২ কিলোমিটার এলাকাজুরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে আটকা পড়েছে যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন। ভোগান্তির শিকার হয়েছেন যাত্রী সাধারণ। শনিবার রাতে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকা থেকে এ যানজটের সৃষ্টি হয়। রাত ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সৃষ্টি হওয়া যানজট নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী, পরিবহন চালক ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গোলচত্বর ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের গোলাকান্দাইল চৌরাস্তা এলাকায় যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা ও নিয়ম ভঙ্গ করে যানবাহন চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়। প্রায় আড়াই ঘণ্টা যানজটে আটকা পড়ে যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন। এতে করে যাত্রী সাধারণকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।
এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের গোলাকান্দাইল, কোশাব, কাঞ্চন, শিংলাবো, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, বলাইখা, আড়িয়াবো, বরপা, রূপসী, বিশ্বরোড, আধুরিয়া, বান্টি পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকাজুরে যানজটের সৃষ্টি হয়। এদিকে, যানজট নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে।
কয়েক মাস আগে টানা বর্ষণে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়ক ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোনো কোনো স্থান দিয়ে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। আর এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ছোট-বড় যানবাহনগুলো সড়কেই বিকল হয়ে পড়ছে। তারপর আবার কাঞ্চন সেতুতে অতিরিক্ত টোল আদায় ও টোল আদায়ে ধীরগতি। প্রায়ই পরিবহন শ্রমিকদের সঙ্গে টোল কর্তৃপক্ষের বাকবিতণ্ডা ও মারপিটের ঘটনা ঘটে। বিভিন্ন কারণে দুটি মহাসড়কে এখন যানজট নিত্যদিনের।
এদিকে যানজট নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দীর্ঘ এ যানজটের কারনে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রী সাধারণ। এছাড়া আটকা পড়েছে শত শত মালবাহী যানবাহন।
সিলেট বিভাগ, চট্রগাম বিভাগের মালবাহী যানবাহনগুলো এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কযোগে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগসহ বিভিন্ন জেলায় চলাচল করে থাকে। এতে এসড়কটি সব সময়ই ব্যস্ত থাকে। তারপর আবার সড়কের বেহাল অবস্থা। ট্রাকচালক আব্দুল খালেক বলেন, ভাই এটা কোন দেশে বসবাস করি। দুই ঘণ্টা ধরে যানজটে আটকা পড়ে আছি। আর কতক্ষণ যানজটে আটকা পড়ে থাকতে হবে তা জানি না। কাভার্ড ভ্যানচালক সুমন মিয়া বলেন, মাল নিয়ে পাবনা পৌঁছাবার কথা সন্ধ্যায়। সেখানে রাত হয়ে গেছে। জানিনা কয়টা গিয়ে পৌঁছাবো।
বাসযাত্রী দুলাল মিয়া বলেন, যানবাহন চালকরা সচেতন হলে ও সড়কে পরিবহন থেকে পুলিশের ঘুষ বাণিজ্য বন্ধ হলে যানজট অনেকটা কমে যেত। পরিবহন শ্রমিক ও যাত্রীদের এ ধরনের অভিযোগের শেষ নেই।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের যানজট কিছুটা কমে এসেছে। এখন ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। হয়তো অল্প সময়ের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।
মীর আব্দুল আলীম/বিএ