কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২৬ নভেম্বর ২০২০

কুমিল্লার বরুড়া উপজেলায় জহির উদ্দিন (৩৪) নামে এক যুবলীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বরুড়ার উপজেলার শিলমুড়ী (উত্তর) ইউনিয়নের জীবনপুর ঈদগাহ সংলগ্ন একটি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত জহির উদ্দিন বরুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার জীবনপুর এলাকার হাসেম মার্কেটের সামনে দুর্বৃত্তরা প্রকাশ্যে জহির উদ্দিনকে কুপিয়ে ও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জহির উদ্দিন বরুড়া পৌর এলাকার জিনসার গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। এ ঘটনায় একই গ্রামের রানা (৩৩) ও সাদ্দাম (২৮) নামের আরও দুজন গুরুতর আহত হন।

বরুড়া থানা পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সম্পত্তি সংক্রান্ত স্থানীয় বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, আধিপত্য বিস্তার ও স্থানীয়ভাবে সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি।

মো. কামাল উদ্দিন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।