কাভার্ডভ্যান কেড়ে নিল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৭ নভেম্বর ২০২০
নিহত নাজমুল হক ও শরিফুল ইসলাম

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক আরোহী।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার আদর্শ সদর উপজেলার কাচিয়াতলি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. নাজমুল হক সজল (২৮) ও বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামের আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম সোহাগ (২৭)। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ওসি সাফায়েত হোসেন।

হাইওয়ে পুলিশ জানায়, একটি মোটরসাইকেলযোগে তিন যুবক কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চান্দিনার একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। তারা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া কাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সজল ও সোহাগকে মৃত ঘোষণা করেন। নিহত দুজন হেল্প ফর হিউম্যান কুমিল্লা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ওসি সাফায়েত হোসেন জানান, কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।