মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এল ৫টি মর্টার শেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০৪ জানুয়ারি ২০২১

কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ভবন নির্মাণ কাজ চলাকালে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত পাঁচটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। মর্টার শেলগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে চান্দিনা উপজেলা সদরে হাসপাতাল রোডে বিএডিসি ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার ভবন নির্মাণ কাজের মাটি খুঁড়ে শেলগুলোর সন্ধান পান নির্মাণ শ্রমিকরা। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ মর্টার শেলগুলো উদ্ধার করে।

নির্মাণ শ্রমিক মো. হজরত আলী বলেন, ‘আমরা ভবনের বেইস কাটার সময় প্রায় পাঁচ ফুট নিচে হঠাৎ কোদালের কোপ লাগে। এ সময় প্রায় এক হাত লম্বা পিতলের একটি গুলির মতো দেখতে পাই। আরও ৬ ইঞ্চি নিচে গেলে কোদালের কোপে বিকট শব্দ হয়ে ধোঁয়ায় চারদিক অন্ধকার করে ফেলে। আমরা ভয়ে দৌড়ে পালাই। ধোঁয়া কমে গেলে মাটি সরিয়ে একই রকম আরও চারটি পাই। পরে আমরা ঠিকাদারকে ফোন করে বিষয়টি জানাই।’

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জাগো নিউজকে বলেন, ‘মর্টার শেলগুলো অবিস্ফোরিত নিশ্চিত হয়ে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধকালীন মর্টার শেলগুলো মাটি চাপা দেয়া হয়েছিল। পরবর্তীতে আমরা সেনাবাহিনীর মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করব।

মো. কামাল উদ্দিন/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।