আজ থেকে কুমিল্লায় আবারও টিকাদান কর্মসূচি শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৩১ পিএম, ১৩ জুলাই ২০২১
ফাইল ছবি

কুমিল্লায় আবারও করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলার দুটি কেন্দ্রে চলবে টিকাদান কার্যক্রম। কেন্দ্রগুলো হলো- জেলা সিভিল সার্জন কার্যালয় এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক)।

মঙ্গলবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় টিকা কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহা উদ্দিন বাহার।

এসময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও সিভিল সার্জন মীর মোবারক হোসাইনসহ জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সিটি কর্পোরেশনের বাসিন্দারা ছাড়া কুমিল্লায় অন্যরা মডার্নার টিকা পাবেন না। এছাড়াও যারা এর আগে নিবন্ধন করে কোভিশিল্ডের জন্য কেন্দ্রের এসএমএস পেয়েছেন তারা মডার্না টিকার জন্য নিবন্ধন করতে পারবেন না। কিন্তু যারা নিবন্ধন করেছেন কিন্তু এখনও কেন্দ্র নিশ্চিত করে এসএমএস পাননি তারা এ টিকার জন্য অগ্রাধিকার ভিত্তিতে এসএমএস পাবেন।

কুমিল্লা জেলায় এ পর্যন্ত সর্বমোট ৫ লাখ ৩৫ হাজার ডোজ টিকা এসেছে। এরমধ্যে ভারতীয় কোভিশিল্ড ৪ লাখ ২৯ হাজার ডোজ, চীনা সিনোফার্ম এর ১ লাখ ৬ হাজার ডোজ এবং মডার্নার ১৩ হাজার ২০০ ডোজ। কুমিল্লা সিটির বাসিন্দারা মডার্নার টিকা পাবেন এবং সিনোফার্মের টিকাগুলো বিভিন্ন উপজেলায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান জাগো নিউজকে বলেন, ইতোমধ্যে টিকার জন্য সুরক্ষা অ্যাপসে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী যারাই টিকা যোগ্য তাদেরকে নিবন্ধন করেন টিকা নেয়ার অনুরোধ করা যাচ্ছে।

জাহিদ পাটোয়ারী/এসএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।