কুমিল্লায় মডার্নার টিকা নিতে কেন্দ্রে দীর্ঘলাইন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১৩ জুলাই ২০২১

যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিতে কুমিল্লায় কেন্দ্রগুলোতে মানুষের দীর্ঘলাইন দেখা গেছে। সকাল থেকে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় কেন্দ্রে আসতে দেখা গেছে টিকা গ্রহণকারীদের।

মঙ্গলবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় টিকা কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহা উদ্দিন বাহার।

jagonews24

এসময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও সিভিল সার্জন মীর মোবারক হোসাইনসহ জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আ ক ম বাহা উদ্দিন বাহার সাংবাদিকদের বলেন, কুমিল্লায় পর্যান্ত টিকা মজুত রয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনসহ জেলার সকল উপজেলায় টিকা কার্যক্রম আজ থেকে শুরু হয়ে হয়েছে। টিকা পাওয়ার উপযুক্তদের নিবন্ধন প্রক্রিয়া শেষ করে সবাইকে টিকা নেয়ার অনুরোধ জানান তিনি।

jagonews24

করোনা টিকা নিতে আসা সালমা বেগম নামের এক নারী জাগো নিউজকে বলেন, ‘চারমাস আগে নিবন্ধন করেছি। আজ যুক্তরাষ্ট্রের টিকা গ্রহণ করতে পেরে ভালো লাগছে। শুনেছি মডার্নার তৈরি টিকা নাকি অনেক ভালো।’

বুধবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) ও সিভিল সার্জন কার্যালয় এই দুই কেন্দ্রে প্রতিদিন ৪০০ করে মোট ৮০০ জনকে টিকা দেয়া হবে বলে জানান জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।

jagonews24

টিকা কেন্দ্রে মানুষের ভিড় বাড়ার কারণ জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ‘আগে ৪০-এর নিচে (বয়স) যারা ছিলেন তারা টিকা পাননি। এখন বয়স ৩৫ বছর করায় টিকা গ্রহণকারীর সংখ্যা বাড়ছে। এছাড়া মানুষের মাঝে সচেতনতা তৈরি হয়েছে। যে কারণে ব্যাপক সংখ্যক মানুষ টিকা নিতে কেন্দ্রে ভিড় করছেন।’

প্রসঙ্গত, কুমিল্লা জেলায় এ পর্যন্ত মোট পাঁচ লাখ ৩৫ হাজার ডোজ টিকা এসেছে। এরমধ্যে ভারতীয় কোভিশিল্ড চার লাখ ২৯ হাজার ডোজ, চীনা সিনোফার্ম এক লাখ ৬ হাজার ডোজ এবং মডার্নার ১৩ হাজার ২০০ ডোজ। কুমিল্লা সিটির বাসিন্দারা মডার্নার টিকা পাবেন এবং সিনোফার্মের টিকাগুলো পাঠানো হয়েছে ১৭ উপজেলায়।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।