ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১৩ জুলাই ২০২১

চলমান বিধিনিষেধের মধ্যেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এ যানজট দিনভর ভোগান্তিতে ফেলেছে বিভিন্ন যানবাহনের চালকদের।

স্থানীয়রা জানান, মহাসড়কের দাউদকান্দির লদাখাল পয়েন্টে সকাল থেকে হাইওয়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে ঢাকামুখী সকল যানবাহন চট্টগ্রামের দিকে ফিরিয়ে দেয়। তবে যানবাহনের চালকরা চট্টগ্রামের দিকে ফিরে না গিয়ে ঢাকার দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এতে মহাসড়কের বলদাখাল থেকে রাজারহাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে শুরু হওয়া এ যানজট বিকেল পর্যন্ত ছিলো। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

jagonews24

এদিকে মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় দাউদকান্দি থেকে কোনো যানবাহনকে ঢাকার দিকে যেতে দেয়া হচ্ছে না। সেতুর সংস্কারকাজের জন্য মহাসড়কের ওই স্থানে মঙ্গলবার সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জাগো নিউজকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজের জন্য মঙ্গলবার সকাল থেকে সেতুর ওপর সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঢাকাগামী সব যানবাহন চট্টগ্রামের দিকে ফিরিয়ে দেয়া হচ্ছে। এসব যানবাহনগুলো ব্রাহ্মণবাড়িয়া-সিলেট আঞ্চলিক মহাসড়ক দিয়ে ঢাকায় পৌঁছানোর সুযোগ রয়েছে বলে জানান তিনি।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।