স্রোতে ভেসে গেলো ছেলে, ঝাঁপ দিয়েও বাঁচাতে পারলেন না মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২২ আগস্ট ২০২১

ছয় বছরের শিশুসন্তান রবিউলকে কখনও চোখের আড়াল হতে দিতেন না মা মায়া বেগম। যখন যে কাজটি করেছেন ছেলেকে সঙ্গে নিয়েই করেছেন। রোববারও (২২ আগস্ট) সন্তান রবিউলকে নিয়ে ছাগল চরাতে যান মায়া বেগম। কিন্তু কে জানত আজকেই তার জীবনের শেষদিন!

মায়ের সঙ্গে থাকার এক পর্যায় খালের পানিতে পড়ে যায় শিশু রবিউল। স্রোতে সে ভেসে যেতে থাকে। সন্তানকে ভেসে যেতে দেখে পানিতে ঝাঁপ দেন মায়া বেগম। কিন্তু তিনি ছেলেকে বাঁচাতে পারেননি। পরে লোকজন পানি থেকে মৃত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেন।

রোববার (২২ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবপুর-সৈয়দপুর সড়কের পাশের খালে এই ঘটনা ঘটে।

নিহত শিশু রবিউল জগন্নাথপুর পৌরসভার হবিবপুর দক্ষিণপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রবিউল তার মা মায়া বেগমের সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী হবিবপুর-সৈয়দপুর সড়ক এলাকায় ছাগল চরাতে যায়। এ সময় হঠাৎ করে পাশের একটি খালের পানিতে সে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে মা পানিতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু স্রোতের কারণে ছেলেকে বাঁচাতে পারেননি। ঘণ্টাখানেক পর ওই খালের হবিবপুর এলাকা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুর মামা শফু মিয়া বলেন, মায়ের সঙ্গে ছাগল চরাতে গিয়েছিল রবিউল। তাকে বাঁচাতে না পেরে তার মা বারবার মূর্ছা যাচ্ছেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুপ্রিয়া বলেন, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

লিপসন আহমেদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।