কাউন্সিলর সোহেল হত্যা: ভিডিও দেখে আরেক যুবক শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:২৮ এএম, ৩০ নভেম্বর ২০২১

কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ দুইজনকে গুলি করে হত্যার ঘটনায় ৩২ সেকেন্ডের আরেকটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। ওই ভিডিও দেখে হত্যাকাণ্ডে যুক্ত থাকা নাজিম নামে আরও এক যুবককে শনাক্ত করা হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার সোমবার (২৯ নভেম্বর) রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের হাতে আসা সিসিটিভির নতুন ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি। ওতে দেখা যায় এক নম্বর আসামি শাহ আলমের সঙ্গে থাকা যুবক নাজিম হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন। তার বাড়িও কুমিল্লায়। এ হত্যাকাণ্ডে মোট ছয়জন অংশ নেন বলে আমাদের কাছে তথ্য এসেছে।

ওই ছয়জন হলেন- আসামি শাহ আলম, সোহেল, সাব্বির হোসেন, সাজেন। বাকি দুইজন সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত হয়। কুমিল্লার নাজিম ও ফেনী থেকে আসা অজ্ঞাতপরিচয় এক যুবক।

এর আগে, ২২ নভেম্বর (সোমবার) বিকেল ৪টার দিকে নগরীর পাথুরিয়াপাড়া এলাকার নিজ কার্যালয়ে বসেছিলেন কাউন্সিলর সোহেল। এসময় মুখোশধারী একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনিসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা মারা যান।

ঘটনার পরদিন মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে মামলা করেন। এতে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়।

এরপর কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জাহিদ পাটোয়ারী/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।