আমাদের কাজ শেষ হলে তোমাদের সরকার উৎখাত করো: ইরানি জনগণকে ট্রাম্প
সরকারকে উৎখাত করতে ইরানি জনগণকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানি জনগণের উদ্দেশে বলেন, আমাদের কাজ শেষ হলে, তোমাদের সরকার উৎখাত করো।
ফ্লোরিডা থেকে এক ভিডিও ভাষণে ট্রাম্প বলেন, এটা তোমাদেরই দখল করতে হবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটাই সম্ভবত তোমাদের একমাত্র সুযোগ হবে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘বড় ধরনের যুদ্ধাভিযান’ চালিয়েছে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ভিডিও বার্তায় তিনি এটি নিশ্চিত করেন।
ট্রাম্প বলেন, আমরা বারবার একটি চুক্তি চেয়েছি। আমরা চেষ্টা করেছি। তিনি বলেন, আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস ও ক্ষেপণাস্ত্র কারখানা জ্বালিয়ে দিতে যাচ্ছি। এটা পুরোপুরি ধ্বংস করা হবে।
অথচ একদিন আগেও ট্রাম্প বলেছিলেন যে, ইরানে হামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। শুক্রবার তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কি না সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
তবে তিনি উল্লেখ করেছেন যে, পারমাণবিক আলোচনায় ইরানের অবস্থানের বিষয়ে তিনি সন্তুষ্ট নন। ট্রাম্প বলেন, আমাদের যা প্রয়োজন ইরান তা দিতে রাজি নয়। তিনি জোর দিয়ে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারে না।
টিটিএন