নোয়াখালীতে দুই আগ্নেয়াস্ত্র হাতে কিশোরের ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ৩০ নভেম্বর ২০২১

নোয়াখালী সদরের ২ নম্বর দাদপুর ইউনিয়নে এক কিশোরের (১৫) আগ্নেয়াস্ত্র প্রদর্শনীর ভিডিও ভাইরাল হয়েছে। তার এক হাতে পিস্তল ও আরেক হাতে একটি পাইপগান দেখা গেছে।

সোমবার (২৯ নভেম্বর) রাতে ২২ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভোটাররা।

ভিডিওতে দেখা যাচ্ছে, টি-শার্ট ও জিন্স পরিহিত ওই কিশোর একটি ওয়ালের পাশে দাঁড়িয়ে দুই হাতে দুই আগ্নেয়াস্ত্র নিয়ে নেড়েচেড়ে অন্যদের দেখাচ্ছে। তবে ভিডিওতে তাদের মুখ দেখা যায়নি। অস্ত্র প্রদর্শনীর এক পর্যায়ে ওই কিশোরকে হাসতে দেখা যায়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, অস্ত্রহাতে ভাইরাল হওয়া ওই কিশোর দাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হুগলী গ্রামের বাসিন্দা। সে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান শিপনের অনুসারী।

নাম প্রকাশ না করার শর্তে এক ইউপি মেম্বার প্রার্থী জানান, জেলা আওয়ামী লীগের বর্তমান আহ্বায়ক কমিটির এক নেতার আত্মীয় পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন মিজানুর রহমান শিপন। নৌকা না পেয়ে তিনি সন্ত্রাসী-নির্ভর হয়ে পড়েছেন।

দাদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন ওই কিশোর তার ইউনিয়নের বলে নিশ্চিত করেছেন। এর সঙ্গে আরও চিহ্নিত অস্ত্রধারীরা এলাকায় অবস্থান করছে বলেও জানান তিনি।

জানতে চাইলে বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান শিপন জাগো নিউজকে বলেন, ‘অস্ত্রহাতে ভাইরাল ওই কিশোরকে আমি চিনি না। কয়েকটি ভুয়া ফেসবুক আইডি থেকে তাকে আমার লোক বলে প্রচার করায় এ বিষয়ে মঙ্গলবার থানায় অভিযোগ করেছি।’

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ওই কিশোরকে শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। পাশাপাশি নির্বাচনের পরিবেশ অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, চতুর্থ ধাপের তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর নোয়াখালীর সদর উপজেলার ২ নম্বর দাদপুরসহ নয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।