নিখোঁজের পরদিন নির্মাণাধীন ভবনে মিললো শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২
নিহত মো. ফাহিম

কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের একদিন পর মো. ফাহিম (১১) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ময়নামতি ইউনিয়নের শরীফপুর এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজী হাসান উদ্দিন জানান, ফাহিম শরীফপুর গ্ৰামের মন্তাজ মিয়ার ছেলে। সে স্থানীয় জহুরা খাতুন আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, শনিবার সন্ধ্যার পর থেকে ফাহিম নিখোঁজ হন। সকালে ফাহিমের চাচার নির্মাণাধীন ভবনের নিচ তলার একটি কক্ষে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কাজী হাসান উদ্দিন আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।