ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১০ কিমি যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৫২ পিএম, ১৭ মার্চ ২০২২

টানা তিনদিনের ছুটিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে থেমে থেমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে মহাসড়কের দাউদকান্দি ও চান্দিনার অংশে সড়কের দুই পাশে এ যানজটের সৃষ্টি হয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা থেকে চান্দিনার ইলিয়টগঞ্জ পর্যন্ত থেমে থেমে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ যাত্রীরা।

jagonews24

বুধবার (১৬ মার্চ) সন্ধ্যার পর থেকে মহাসড়কে হঠাৎ করে চট্টগ্রামমুখী যানবাহনের চাপ বেড়ে যায়। হাইওয়ে পুলিশ বলছে, রাস্তার মেরামত কাজের কারণে এ যানজট সৃষ্টি হচ্ছে।

আনোয়ার হোসেন নামের তিশা গোল্ডেন পরিবহনের এক যাত্রী জাগো নিউজকে বলেন, ‘সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে গাড়িতে উঠেছি। সাড়ে ১২টায় চান্দিনায় জ্যামে আটকে আছি। অথচ অন্যান্য সময় কুমিল্লা পৌঁছাতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা।’

jagonews24

সাইফুল নামের এক বাসচালক জানান, যানজটের কারণে ঢাকা থেকে দাউদকান্দির শহীদ নগর পর্যন্ত আসতে ছয় ঘণ্টা সময় লেগেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জাগো নিউজকে বলেন, ‘গতকাল (বুধবার) সন্ধ্যার পর থেকে সড়কে যানবাহনের তীব্র চাপ বেড়েছে। এছাড়া আমিরাবাদ এলাকায় মহাসড়ক মেরামতের কাজ চলার কারণে যানবাহন কিছুটা ধীরগতিতে চলছে। এজন্য থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।