শবে বরাতে খাবার বিতরণ নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:০৭ এএম, ২১ মার্চ ২০২২
প্রতীকী ছবি

কুমিল্লায় শবে বরাতের রাতে মসজিদে খাবার বিতরণকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে মাসুক মিয়া (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (২০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুক মাঝিগাছা গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ মার্চ) শবে বরাতের রাতে স্থানীয় মসজিদে খাবার বিতরণকে কেন্দ্র করে মাসুক মিয়ার সঙ্গে প্রতিবেশী নাসিরের কথা কাটাকাটি হয়। এনিয়ে রোববার সন্ধ্যা ৭টার দিকে ফের কথা কাটাকাটি ও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা।

এসময় নাসির ও তার সহযোগী মামুনসহ আরও ৫-৬ জন যুবক মাসুককে মারধর শুরু করে। একপর্যায়ে তারা মাসুককে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাসুককে মৃত ঘোষণা করেন।

এদিকে, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা অভিযুক্ত নাসির ও তার সহযোগীদের গণপিটুনি দিয়েছেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।