‘কুমিল্লা সিটি করপোরেশনে দানবীয় শাসনের অবসান ঘটাতে হবে’
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে জয়ের মধ্য দিয়ে দানবীয় শাসনের অবসান ঘটাতে হবে বলে জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।
শনিবার (৪ জুন) কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় গণসংযোগে গিয়ে তিনি এ কথা জানান।
স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘এরই মধ্যে অনেক নাটক শুরু হয়ে গেছে। যারা দানবীয় শাসন প্রতিষ্ঠা করেছে আজ তাদের মুখে ফ্রুটিকা জুসের প্রমাণ মিলেছে। তারা সত্য কথা বলা শুরু করেছে। একজন বলে আমি চোর, আরেকজন বলে সে বড় চোর। আমরা বলি দুজনই চোর। এই চোরদের হাত থেকে আমাদের সিটি করপোরেশনকে উদ্ধার করতে হবে। এখানে দানবীয় শাসনের অবসান ঘটাতে হবে। এর জন্য দল মত নির্বিশেষে সবাই ঘোড়া প্রতীকে ঐক্যবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের নিয়ে যে নতুন কুমিল্লা সৃষ্টি করতে চাই, সেই কুমিল্লা গড়বো আমরা। যে দানবীয় শাসন কুমিল্লার মানুষকে রোহিঙ্গা বানিয়ে এক ব্যক্তি জমিদার সেজে গেছেন, তার থেকে অবসান ঘটিয়ে আমরা কুমিল্লা গঠন করবো।’
২৭ মে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার প্রচারণা শুরু করেন পাঁচ মেয়র প্রার্থী। নির্বাচনী মাঠে দিন-রাত চষে বেড়াচ্ছেন তারা। ১৩ জুন মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। ১৫ জুন সকাল ৮টা থেকে ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন নগরবাসী।
জাহিদ পাটোয়ারী/এসজে/জেআইএম