ভোটের দিনে বহিরাগতরা কেন্দ্র দখলে নিতে পারে: সাক্কু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৪২ এএম, ১২ জুন ২০২২
গণসংযোগ করেন মনিরুল হক সাক্কু/ছবি: জাগো নিউজ

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের মাত্র তিনদিন বাকি। শেষমুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। তবে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ভোটের দিন বহিরাগতদের এনে কেন্দ্র দখলে নিতে পারে বলে আশঙ্কা করছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু।

শনিবার (১১ জুন) নগরীর রাণীর বাজার এলাকায় গণসংযোগকালে তিনি সাংবাদিকদের এ শঙ্কার কথা জানান।

মনিরুল হক সাক্কু বলেন, ‘ভোটের দিনের পরিস্থিতি নিয়ে আমি শঙ্কিত। শুনেছি, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বহিরাগত লোক এনে ভোটকেন্দ্রের সামনে রাখা হবে। যাতে ভোটারেরা ভোট দিতে কেন্দ্রে ঢুকতে না পারেন।’

তিনি বলেন, ‘বহিরাগতদের দেখলে সাধারণ মানুষ এমনিতেই ভয় পান। বহিরাগত লোক কেন্দ্রে থাকলে কেউ তখন ভোট দিতে যেতে চাইবেন না। নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে অনুরোধ করবো, যেন এ বিষয়ে নজর রাখা হয়।’

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এম তানভীর আহমেদ বলেন, ‘সিটি নির্বাচনকে ঘিরে দুই হাজারেরও বেশি পুলিশ, এপিবিএন, আরএনএফ, গোয়েন্দা সদস্যরা কাজ করছেন। কুমিল্লার ইতিহাসে এটিই প্রথম। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে কঠোর নিরাপত্তার চাদরে পুরো কুমিল্লা নগরী ঢেকে ফেলা হয়েছে।’

তিনি বলেন, ‘ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে সবকিছু বন্ধ হয়ে যাওয়ার পর থেকে জেলা পুলিশের স্পেশাল প্ল্যানিংয়ে কাজ শুরু হবে। বহিরাগতদের নির্বাচনী এলাকায় ঢুকতে দেওয়া হবে না। তাদের প্রবেশ ঠেকাতে নগরীর প্রবেশপথে চেকপোস্ট, গোয়েন্দা নজরদারিসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

আগামী ১৫ জুন কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সিটিতে এবার ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন।

জাহিদ পাটোয়ারী/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।