সয়াবিন তেলের বোতলে লাগানো হচ্ছিল আগের দামের স্টিকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০১ আগস্ট ২০২২

সরকার নির্ধারিত মূল্য না মেনে আগের বর্ধিত দামের মোড়ক লাগিয়ে সয়াবিন তেল বাজারজাত করা হচ্ছিল কুমিল্লায়। এ অপরাধে জেলার লাকসামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া তাৎক্ষণিক আট হাজার বর্ধিত দামের মোড়ক পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (১ আগস্ট) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত লাকসাম উপজেলার বিজরা বাজারে এই অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম সোমবার বিকেলে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কুমিল্লার লাকসাম উপজেলার বিজরা বাজারে একটি ফ্যাক্টরিতে সরকারের বেঁধে দেওয়া নতুন মূল্য থেকে বেশি দামে সয়াবিন তেলের বোতলের গায়ে স্টিকার লাগিয়ে বাজারজাত করা হচ্ছে বলে অভিযোগ আসে। ওই তথ্যের ভিত্তিতে দুপুরে ওই কারখানায় অভিযান চালানো হয়। এসময় দেখা যায় সরকার নির্ধারিত ১৮৫ টাকার এক লিটার তেল ১৯০ টাকা লিখে, ৩৭০ টাকার ২ লিটারের তেল ৩৮০ টাকা লিখে এবং ৯১০ টাকার পাঁচ লিটারের তেল ৯২০ টাকা লিখে মোড়কজাত করা হচ্ছে, যা ছিল গত মাসের ১৮ তারিখের বাজার দর। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক ৮ হাজার বর্ধিত দামের মোড়ক পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকারের এই কর্মকর্তা বলেন, বিজরা বাজারের সেবা ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী ডাক্তার না হয়েও ডা. ও ডেন্টিস্ট পদবি ব্যবহার করে ভোক্তাদের সঙ্গে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছিলেন। এছাড়া তিনি চিকিৎসার কাজে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রি-এজেন্ট ব্যবহার করছিলেন। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক আবদুল খালেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মিথ্যা বিজ্ঞাপনের দুই হাজার প্যাড ধ্বংস করা হয়।

এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহাদাৎ হোসেন ও লাকসাম থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

জাহিদ পাটোয়ারী/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।