লরির ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের
কুমিল্লার নাঙ্গলকোটে লরির ধাক্কায় আব্দুস সোবহান (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ধাওয় করে লরিচালক শাফায়েত হোসেনকে (৩০) আটক করে পুলিশে দিয়েছে।
সোমবার (২৯ আগস্ট) সকালে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের অলিপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
সন্ধ্যায় নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
নিহত আব্দুস সোবহান উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের অলিপুর মধ্যমপাড়া গ্রামের মৃত মুজাফ্ফর আলীর ছেলে।
গ্রেফতার চালক শাফায়েত নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের পদুয়ার পাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি ফারুক জানান, বৃদ্ধকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে পাশের বাঙ্গড্ডা বাজার থেকে লরিসহ চালককে আটক করে।
এ ঘটনায় নিহতের মেয়ে ইয়াসমিন বেগম বাদী হয়ে লরিচালক শাফায়েত হোসেনের বিরুদ্ধে মামলা করেন। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে।
জাহিদ পাটোয়ারী/জেডএইচ