বিএনপিকে মিথ্যাচারের রাজনীতি পরিহার করতে হবে: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ বলেছেন, কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি যে সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে তার জন্য মামলা হয়েছে। মির্জা ফখরুল চোখের পানি ফেলছেন আর সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। বিএনপিকে মিথ্যাচারের রাজনীতি পরিহার করতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলে আপনারা ভাঙচুর করবেন। এর দায়ভার কে নেবে? আন্দোলনের কথা বলে আপনারা রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করবেন আর সরকার বসে বসে দেখবে?
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বারে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
মাহবুব আলম বলেন, কয়েক দিন আগে বিএনপি গুম-খুন নিয়ে নাটক করল। তাদের নাকি ৫০০ নেতাকর্মী গুম হয়েছে। আমরা তখন বলেছিলাম কারা গুম হয়েছে তালিকা দেন। তারা তালিকা দিতে পারে না। এরপর যখন তালিকা খোঁজ করা শুরু হলো তখন দেখা গেল তাদের অনেকেই ফেরত এসেছে।
এখন ৫০০ থেকে নাকি ৭০ জনে এসেছে। ৪৩০ জন এতো দিন কোথায় ছিল? কেউ ছিল বিদেশে পালিয়ে। এ সন্ত্রাসী কর্মকাণ্ড, দুর্নীতি এবং সামাজিক গোলযোগের কারণে বিভিন্ন সময় হয়তো মামলা হয়েছে, তাই ভয়ে তারা বিদেশে পালিয়ে ছিল। তাদের লোকগুলো অপকর্ম ঢাকতে চলে যায় আর তারা সরকারের বিরুদ্ধে গুম খুনের মিথ্যা অভিযোগে রাস্তায় নেমে মিথ্যাচার করে। আমরা আশা করি এ ৭০ জনকেও পাওয়া যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো হত্যা-গুম-খুনে বিশ্বাসী নয়। গুম-খুনের রাজনীতি শুরু করেছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থাকতে আমাদের যুবলীগ নেতা মাহবুবকে গুম করে হত্যা করেছিল। তার মরদেহ পাওয়া যায়নি।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রওশন আলী মাস্টার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এএফএম ফখরুল ইসলাম মুন্সী, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবিএম গোলাম মোস্তফা, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
সম্মেলনে সাবেক ছাত্রনেতা একেএম সফি উদ্দিন সফিককে সভাপতি, মোস্তফা কামাল চৌধুরীকে সাধারণ সম্পাদক ও অধ্যাপক হুমায়ুন কবিরকে সাংগঠনিক সম্পাদক করে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম