পিকনিকের বাস উল্টে প্রাণ গেলো মাদরাসাছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০৮ মার্চ ২০২৩

 

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষ্মীপুর এলাকায় পিকনিকের বাস উল্টে এক শিশু নিহত ও অন্তত ৩৭ জন আহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিমেল শেখ (১২) মাদরাসার ছাত্র বলে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা রুস্তম আলী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ির দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ৭৩ জন যাত্রী নিয়ে একটি বাস সকালে দুর্গাপুরের উদ্দেশে রওনা দেয়। এদের মধ্যে বেশিরভাগই মাদরাসার শিশু শিক্ষার্থী।

মুক্তাগাছার ওই মাদরাসার সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম বলেন, আমরা মুক্তাগাছা থেকে মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে পিকনিক করার জন্য দুর্গাপুরে রওনা হই। সকাল ১০টার দিকে নেত্রকোনার বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষ্মীপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেত উল্টে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর মাদরাসায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষার্থী হিমেলের।

গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা কাজ করছেন।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাকসুদা আক্তার রিমি বলেন, সকাল থেকেই দুর্ঘটনার রোগী হাসপাতালে আসা শুরু করেছে। এদের মধ্যে গুরুতর আহত সারা আক্তার (৫) নামের এক শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় ১১ জনকে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এইচ এম কামাল/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।