বাঁধভাঙা জোয়ার হয়ে নেত্রীর জন্য ছুটছে মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১১ মার্চ ২০২৩

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর ময়মনসিংহে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ মার্চ) বিকেল ৩টায় ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। সেই জনসভায় যোগ দিতে সকাল থেকেই নেত্রকোনার চারটি রেলস্টেশনে স্রোতের মতো ছুটে আসছে মানুষ। এ যেন বাঁধভাঙা জোয়ার। ঈদ উৎবের মতো জনসভায় ছুটে যাচ্ছেন মানুষ।

ময়মনসিংহের জনসভা সফল করতে নেত্রকোনার রেলপথে চলছে চারটি বিশেষ ট্রেন। এছাড়াও ২ শতাধিক বাসে জেলার ১০ উপজেলা থেকে জনসভায় যোগ দিয়েছেন নেতাকর্মীরা।

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও ভোটাররা চারটি স্পেশাল ট্রেন ছাড়াও ময়মনসিংহগামী কমিউটার, আন্তঃনগর হাওর, মহুয়া এক্সপ্রেস ট্রেনে ময়মনসিংহে গেছেন। ৪টি স্পেশাল ট্রেন ও ২ শতাধিক বাসবোঝাই হয়ে ৪০-৫০ হাজার মানুষ যোগ দিয়েছেন জনসভায়।

নেত্রকোনা পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমী বলেন, নারী-পুরুষ সবাই জনসভায় যোগ দিতে ছুটে যাচ্ছেন। নেত্রীকে এক নজর দেখতে গ্রামাঞ্চল থেকে লোকজন সভাস্থলে ছুটে যাচ্ছেন। আশা করি তিনি আসন্ন নির্বাচন নিয়ে নির্দেশনা দিয়ে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করে যাবেন।



জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান (ভিপি লিটন) বলেন, আমরা প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে একমাস ধরে প্রতিটি উপজেলা ও ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা করেছি। ৪টি ট্রেন ও ২ শতাধিক বাসে করে ৩০-৩৫ হাজার নেতাকর্মী সমাবেশস্থলে যোগ দিয়েছেন। দলীয় নেতাকর্মীরা ঈদ উৎসবের মতো ছুটে যাচ্ছেন দলীয় প্রধানের নির্দেশেনা শুনতে।

এইচ এম কামাল/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।