টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৬ জুন ২০২৩

কুমিল্লা নগরীতে টাকা নিয়ে দ্বন্দ্বে মো. ইজাজ (৩০) নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত হত্যা করা হয়েছে। রোববার (২৫ জুন) সন্ধ্যায় কান্দিরপাড় আনন্দ সিটি সেন্টারের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত যুবক ইজাজ কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলির মণিপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনন্দ সিটি মার্কেটের সামনে কয়েকজনের সঙ্গে টাকা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন ইজাজ। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করেন তারা। এক পর্যায়ে ইজাজ মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের দোকানের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সাঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

জাহিদ পাটোয়ারী/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।