কুমিল্লায় অটোচালক হত্যায় ২ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১৭ জুলাই ২০২৩

কুমিল্লায় অটোরিকশাচালক সুমন মিয়াকে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা কনের।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে শরীফ মিয়া ও দড়িকান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল কাদের জিলানী।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৬ মার্চ সন্ধ্যায় সুমন মিয়ার (১৯) অটোরিকশাটি ভাড়া করেন শরীফ মিয়া ও আব্দুল কাদের। পথে তারা পেছন থেকে সুমনের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। মরদেহ ফেলে অটোরিকশা নিয়ে চলে যান দুজন।

পুলিশ তদন্তে নেমে আব্দুল কাদেরের নাম ওঠে আসলে আব্দুল কাদেরকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। পরে তার দেখানো জায়গা থেকে সুমনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় অপর আসামি মো. শরীফের জড়িত থাকার বিষয়টিও স্বীকার করেন আব্দুল কাদের। নিহত সুমনের বাবা ইসমাইল মিয়া বাদী হয়ে কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা করেন৷ মামলায় আসামি করা হয় আব্দুল কাদের এবং শরীফ মিয়াকে।

সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা বাঙ্গরা বাজার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অমর চন্দ্র দাশ ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানিতে ১১জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে উভয় আসামীকে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

জাহিদ পাটোয়ারী/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।