কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় আহত চিকিৎসকের মৃত্যু
কুমিল্লার রেসকোর্সে দুর্বৃত্তের হামলায় আহত শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
চিকিৎসক জহিরুল হক কুমিল্লার রেসকোর্স এলাকার নুরুল হকের ছেলে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক শিক্ষার্থী ও বেসরকারি ইস্টার্ন মেডিকেল কলেজের সাবেক প্রভাষক। তিনি রেসকোর্স এলাকার শাপলা টাওয়ারের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে থাকতেন। সেখানেই রোগী দেখেন।
আরও পড়ুন: দুই বন্ধুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি রিমান্ডে
নিহত জহিরুল হকের চাচা ডা. একেএম আব্দুস সেলিম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত জহিরুল হকের চেম্বার ঢুকে ধারালো অস্ত্র নিয়ে স্বামী-স্ত্রী দুজনকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, এ ঘটনায় মো. সালাউদ্দিন মুরশেদ ভূঁইয়া প্রকাশ পাপ্পু (৫২) নামে একজনকে আটক করা হয়। হামলার সঙ্গে জড়িত বাকিদের আটকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত।
জাহিদ পাটোয়ারী/জেএস/জিকেএস