শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

গাইবান্ধা পৌর শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাসিনাকে দেশে ফেরানোর স্লোগান দিয়ে ফুল দেওয়ার সময় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পৌরপার্ক থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন, মারুল ইসলাম সাবিন (৬৪) ও শাহিন চকোদার (৪৮)। মারুল ইসলাম সাবিন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়নের সমেজ উদ্দিনের ছেলে। তিনি গাইবান্ধা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা (নিষিদ্ধ) আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। অপরদিকে শাহিন চকোদার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার রমিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শুক্রবার রাত ১২টা এক মিনিটের পর থেকে শহীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সব স্তরের মানুষ। শনিবার বিকেলে ৩টার দিকে ইমারুল ইসলাম সাবিন কয়েকজনকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে পতিত স্বৈরাচার হাসিনা সরকারকে ফিরে আনাসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। এসময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের মধ্য থেকে দুজনকে গ্রেফতার করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতাকে গণঅভ্যুত্থানের সময় জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আনোয়ার আল শামীম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।