কুমিল্লায় হরতালবিরোধী মিছিলে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

কুমিল্লায় বিএনপি-জামায়াতের ডাকা হরতালবিরোধী মিছিলে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুজন আহত হয়েছেন।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য রোকন উদ্দিন রোকনের কর্মী মাসুম (৩০) ও ড্যানি (৩২)।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মহানগর যুবলীগ সদস্য রোকন উদ্দিন রোকনের নেতৃত্বে হরতাল বিরোধী একটি মিছিল বের হয়। মিছিলটি চকবাজার কাশারিপট্টি এলাকায় এলে মোবাইলে দৃশ্য ধারণ করেন স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের এক আওয়ামী লীগের কর্মী। এসময় জামায়াত-শিবির সন্দেহে ওই আওয়ামী লীগ কর্মীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেন রোকন উদ্দিনের কর্মীরা।

আরও পড়ুন: কুমিল্লায় বিএনপির মিছিলে লাঠিচার্জ-টিয়ারশেল, আটক ৮

পরে বিষয়টি জানতে পেরে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকরামের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে কাশারিপট্টি এলাকায় এলে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে রোকন উদ্দিন রোকন গ্রুপের দুই কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন জাগো নিউজকে বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।