ভূমি তহশিল অফিস দালালমুক্ত করতে হবে : জেলা প্রশাসক


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০১ এপ্রিল ২০১৬

চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন, ভূমি তহশিল অফিসে দালালদের দৌরাত্ম্য বৃদ্ধি, ভূমি সহকারী ও অন্যান্য কর্মচারীরা সঠিক সময়ে অফিসে না পৌঁছানো এবং ভূমি করের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ নিত্যদিনের। এখন থেকে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে কোন ছাড় নেই এবং যেকোন উপায়ে ভূমি তহশিল অফিস দালাল মুক্ত করতে হবে। কেননা আমরা কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নই।

শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত ‘ভূমি সেবা সপ্তাহ-২০১৬’ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে মানুষ যত হয়রানি বা ভোগান্তির শিকার হচ্ছে তার অধিকাংশই ভূমি নিয়ে। এখন থেকে ভূমি ব্যবস্থাপনা বিষয়ে মানুষের ভোগান্তি কমাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সেবার মনমানসিকতা নিয়ে কাজ করতে হবে।

জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ভূমি জটিলতা নিরসনে ডিজিটালাইজড পদ্ধতি চালু করেছে। দুর্নীতি কমিয়ে এনে জনগণের দৌঁড়গোড়ায় সরকারি সেবা আরো কীভাবে বৃদ্ধি করা যায় সে লক্ষ্যে সরকার মাঠ প্রশাসনকে ঢেলে সাজিয়েছে।
 
অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. দৌলতুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভূমি ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল জলিল, সরকারি উকিল (জিপি) নজমুল আহসান খান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাব উদ্দিন। ভূমি সেবা সপ্তাহের আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট, কানুনগো, ভূমি সহকারী, রেকর্ড কিপার ও ভূমি সংশ্লিষ্ট কার্যালয়ের সহকারীরা উপস্থিত ছিলেন।

জীবন মুছা/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।