কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:১০ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে কুমিল্লায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে নগরীর উনাইসার এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, কুমিল্লা ইপিজেডের জিহান ফুটওয়্যার নামে একটি কোম্পানির স্টাফদের আনা-নেওয়ার কাজে ব্যবহার হতো বাসটি। ভোর ৪টার দিকে পার্কিং করা বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসে শুয়ে থাকা চালক হানিফ মিয়া টের পেয়ে নেমে পড়েন। তবে বাসের ভেতরের অংশ পুড়ে যায়।

বাসচালক হানিফ মিয়া বলেন, আমি বাসের মধ্যে রাতে ঘুমিয়ে ছিলাম। ভোরে হঠাৎ দেখি গাড়িতে আগুন জ্বলছে। জীবন বাঁচাতে দ্রুত বাস থেকে নেমে পড়ি। এ সময় এক যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া জাগো নিউজকে বলেন, অগ্নিকাণ্ডের খবরে পুলিশ পাঠানো হয়। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এর আগে ৩০ নভেম্বর ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার বাতাবাড়িয়া কোটবাড়ি এলাকায় আইরিশ হিল রেস্টুরেন্টের সমানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ১৮ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে নগরীর নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে পার্কিং করা পাপিয়া ট্রান্সপোর্ট পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।

এছাড়া ১৬ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে নগরীর ঢুলিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

জাহিদ পাটোয়ারী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।