আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কুমিল্লার ৩ জন
নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পেয়েছেন কুমিল্লার তিনজন। এদের মধ্যে দুইজন স্বতন্ত্র ও একজন জাতীয় পার্টির।
তারা হলেন- কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা ও সদ্য পদত্যাগ করা ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ জাহের এবং কুমিল্লা-২ (হোমনা ও মেঘনা) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম।
রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদনের ওপর শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন এ তিনজন জনের প্রার্থিতা ফিরিয়ে দেন।
এর আগে গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথমদিনে জাল স্বাক্ষর, ঋণখেলাপি, তথ্যে ভুল, তালিকা অসম্পূর্ণ থাকাসহ বিভিন্ন কারণে এই তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান।
মো. সাজ্জাদ হোসেন বলেন, আমার প্রার্থিতা বাতিলের খবরে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষ হতাশ হয়ে পড়েছিলেন। তাদের অনুপ্রেরণায় আমি ইসিতে আপিল করলে প্রার্থিতা ফিরে পেয়েছি। এর ফলে আমার থেকেও আমার নির্বাচনী এলাকার মানুষ বেশি খুশি।
জাহিদ পাটোয়ারী/এমএসএম