লালমনিরহাটে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৯ জানুয়ারি ২০২৪

লালমনিরহাটের হাতীবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ফাতেমা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ১০টায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে সকালে উপজেলার বাড়াই পাড়া গ্রামে আগুন পোহাতে গিয়ে তিনি দগ্ধ হন।

নিহত বৃদ্ধা ফাতেমা বেগম উপজেলার বাড়াই পাড়া গ্রামের মৃত রুহুল্লাহ ভাটিয়ার স্ত্রী।

জানা গেছে, চলমান কনকনে ঠান্ডায় শীত নিবারনের জন্য পাশের বাড়িতে আগুন পোহাতে যান বৃদ্ধা ফাতেমা বেগম। এসময় তার শাড়িতে আগুন লাগলেও বুঝতে পারেনি। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। একপর্যায়ে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের ছেলে শাহা আলম বলেন, আমার মা আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। পরে হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক বলেন, ওই বৃদ্ধার শরীরের ২৫ ভাগ অংশ পুড়ে যায়। তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার আগেই মারা যান।

রবিউল হাসান/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।