৭ খুন মামলা : পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৮ এপ্রিল


প্রকাশিত: ০৮:১৯ এএম, ১১ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের দুই মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামী ১৮ এপ্রিল ধার্য করেছেন আদালত। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনসহ ৭ সাক্ষীকে আসামি তারেক সাঈদ ও নূর হোসেনের আইনজীবীদের জেরার মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

সোমবার সকাল সাড়ে ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে গ্রেফতার ২৩ আসামির উপস্থিতিতে সাক্ষীদের জেরা সম্পন্ন করেন।

এদিকে, নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল কেএম মহিউদ্দিন ১৬৪ ধারায় তারেক সাইদ, রানাসহ ৭জন আসামি ও ৩ জন সাক্ষীর জবানবন্দি ঘটনার পর পৃথক সময় গ্রহণ করেন। এ বিষয়ে তিনিসহ এসআই বেলায়েত হোসেন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ হোসেন, জাহাঙ্গীর হোসেন, ফখরুল ইসলাম, রমজান আদালতে আগে সাক্ষী দিয়েছেন এবং আসামি পক্ষের আইনজীবীদের জেরার উত্তর দিয়েছেন।

তবে তারেক সাঈদ ও নূর হোসেনের পক্ষে ৭ খুনের মামলা খারিজের আবেদন করেন হাইকোর্টে। এজন্য বিভিন্ন সময় ৬ষ্ঠ বার সাক্ষীদের জেরা করার সময় আবেদন করেন ওই দুইজনের পক্ষের আইনজীবী। পরে হাইকোর্ট তাদের আবেদন না মঞ্জুর করেন। এরপর থেকে যতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে তাদের জেরা করার আবেদন করলে আদালত ওই সাক্ষীদের পুনরায় আদালতে হাজির থাকার সমন দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, ৭ খুন মামলার আদালতের নির্ধারিত সাক্ষ্যগ্রহণের দিনে ৭ জন সাক্ষীকে দুই আসামির আইনজীবী জেরা করেছেন। কার্যক্রম চলছে। সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণ নির্ধারন করেছেন আগামী ১৮ এপ্রিল।

জানা গেছে, সাত খুনের ঘটনায় দুটি মামলা হয়। একটি মামলার বাদী বিজয় কুমার পাল। তিনি নিহত অ্যাডভোকেট চন্দন সরকারের মেয়ের জামাতা ও অপর বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। দুটি মামলাতেই অভিন্ন সাক্ষী হলো ১২৭ জন করে। এ কারণে উভয় মামলার সাক্ষীদের একই সঙ্গে দুই মামলায় জেরা করা হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়ি চালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়ি চালক ইব্রাহীম অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।

শাহাদাত হোসেন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।