ভোলায় ২ ইউনিয়নে বিএনপির ভোট বর্জন


প্রকাশিত: ১১:৪৭ এএম, ১১ এপ্রিল ২০১৬

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বড় মানিকা ও পক্ষিয়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে কয়েকটি কেন্দ্রে প্রকাশ্যে সিল মারার অভিযোগে ভোট বর্জন করেছে বিএনপি প্রার্থীরা।

জানা যায়, বড় মানিকা ইউনিয়নের ২নং ওয়ার্ডে মানিকার হাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুব একটা ছিল না। ওই কেন্দ্রে বিএনপির চেয়ারম্যান প্রার্থী সিহাব উদ্দিনের কোনো এজেন্টদেরও দেখা যায় নি। একই অবস্থা দেখা যায় ৩নং ওয়ার্ডের বড় মানিকা কাশেমিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে। সেখানে ভোটারদেরকে প্রকাশ্যে ব্যালটে সিল দিতে বাধ্য করা হয়। আবার দলীয় লোকজনও প্রকাশ্যে সিল মারে।

এছাড়াও ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন। ছবি ও ভিডিও করায় তিনি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এসব অভিযোগে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী সিহাব উদ্দিন এমন নির্বাচন বর্জন করে পুনঃনির্বাচনের দাবি করেছেন।

তবে বড়মানিকা ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে।

প্রসঙ্গত, ২২ মার্চ এ দুটি ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা থাকলেও হাইকোর্টের আদেশে এক দিন আগে নির্বাচন স্থগিত করে কমিশন।
 
অমিতাভ অপু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।