দেড় লাখ মার্কিন ডলার মূল্যের ১৪টি ঘোড়া আমদানি
বাংলাদেশ পুলিশের জন্য ভারত থেকে ১৪টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া আমদানি করা হয়েছে। পুলিশের প্রশিক্ষণ কাজে এগুলো ব্যবহার করা হবে বলে জানা গেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল হয়ে এ ঘোড়াগুলো আনা হয়।
এ সময় বেনাপোল বন্দরে ঘোড়াগুলো দেখতে উৎসুক মানুষের ভিড় লেগে যায়।
বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা (সুপারিনটেন্ডেন্ট) নাসির উদ্দিন ভূঁইয়া জানান, ঢাকার এফএস ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান এই ঘোড়ার আমদানিকারক। ঘোড়াগুলোর আমদানি মূল্য ১ লাখ ৪৯ হাজার ১০০ মার্কিন ডলার। এ জন্য রাজস্ব পরিশোধ করতে হয়েছে ১২ লাখ ১১ হাজার ১০৭ টাকা।
আমদানিকারক প্রতিষ্ঠান এফএস ট্রেডার্সের ম্যানেজার ইনামুল হোসেন জানান, টেন্ডারের মাধ্যমে তাদের প্রতিষ্ঠান এই ঘোড়া ভারত থেকে আমদানি করে ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে সরবরাহ করছে। সোমবার সকালে ঘোড়াগুলো ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ঘোড়াগুলো দ্রুত খালাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।
জামাল হোসেন/এমএএস/পিআর