কুমিল্লায় শিশু হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ০৭ মার্চ ২০২৪

কুমিল্লার মুরাদনগরে শিশু আব্দুর রহমান (৫) হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক মোছা. মরিয়ম মুন মুঞ্জুরী এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার বোড়ারচর গ্রামের মো. বাতেন বেপারির ছেলে মো. ময়নাল হোসেন (৩৩), আবু মুসার ছেলে মো. নাজমুল হাছান (৩০) ও মো. ছালামত খানের ছেলে মো. শাহীন খান (২০)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রবিউল হাসান (৩৪) একই গ্রামের মজিবুর রহমানের ছেলে।

রাষ্ট্রপক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোবারক হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি রাতে মুরাদনগর উপজেলার গাংগাটিয়া এলাকার ওমান প্রবাসী ফারুক মিয়ার ছেলে আব্দুর রহমানকে বসতঘর থেকে অপহরণ করে নিয়ে যায় দুর্বত্তরা। পরে লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সংবাদ পেয়ে ভুক্তভোগীর পরিবার ৩৬ হাজার টাকা মুক্তিপণ দেন অপহরণকারীদের। এক পর্যায়ে তারা আব্দুর রহমানকে হত্যা করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

ঘটনার চারদিন পর (২৪ ফেব্রুয়ারি) শিশু আব্দুর রহমানকে কোথাও খুঁজে না পেয়ে তার বাবা ফারুক বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা করেন। এরপর মুরাদনগর উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম তদন্তে নামেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘাতক ময়নালকে গ্রেফতার করা হয়। পরে ময়নাল ঘটনায় জড়িত অপর আসামি নাজমুল, শাহীন ও রবিউলের নাম জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০২২ সালের ২৩ জানুয়ারি চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এসআই হামিদুল ইসলাম। বিচার শুরু পর ২৯ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিবেচনা করে আদালত এ আদেশ দেন।

এছাড়া তাদের সহযোগিতা করায় অপর আসামি রবিউলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এসময় পার্শ্ববর্তী শুশুন্ডা এলাকার মো. হোসেনের ছেলে মো. আলাউদ্দিনকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় শাহীন ছাড়া বাকি তিন আসামি উপস্থিত ছিলেন। আসাশি শাহীন পলাতক রয়েছেন।

জাহিদ পাটোয়ারী/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।