আচরণবিধি লঙ্ঘন
কাজীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন জেলা নির্বাচন কমিশন। তাকে সোমবারের (৬ মে) মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
রোববার (৫ মে) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ শহিদুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (৪ মে) চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজীকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, আপনি খলিলুর রহমান সিরাজী কাজীপুর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করছেন। নির্বাচনে অন্য প্রার্থী আবুল কালাম আজাদ (দোয়াত-কলম) কর্তৃক ৪ মে সন্ধ্যা সাড়ে ৭টায় দাখিলকৃত অভিযোগ এবং ভিডিও ফুটেজে দেখা যায় আপনার সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করে জাহাঙ্গীর কবির নামের একজনের মাথা ফাটিয়ে দিয়েছে। একই সঙ্গে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি ও বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। আপনার এধরনের কর্মকাণ্ড নির্বাচনী আচরণ বিধিমালার পরিপন্থী।
এমতাবস্থায়, একবার সতর্ক করার পরও ২য় বারের মতো আচরণবিধি লঙ্ঘনের কারণে আপনার বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবেনা দুই দিনের মধ্যে তার লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য বলা হলো। অন্যথায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২৫ এপ্রিল কয়েকজন প্রার্থীর অভিযোগ ও ভিডিও ফুটেজের ভিত্তিতে ওই প্রার্থীকে শোকজ করে কমিশন। এর জবাবে ভবিষ্যতে নির্বাচনী প্রচারণাকালীন সময়ে সতর্ক থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়ে অব্যাহতি চেয়ে ২৮ এপ্রিল লিখিত জবাব দেন খলিলুর রহমান সিরাজী।
এম এ মালেক/এনআইবি/জিকেএস