রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়েতে ট্রাকের ধাক্কায় আলী হোসেন (৩৩) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই জন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পলখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার রাতুরা এলাকার আবুল সিদ্দিকী ভুইয়ার ছেলে। এছাড়াও আহত বিল্লাল হোসেন ও নবী হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
কাঞ্চন পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক তছলিম উদ্দিন জানান, পলখান এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে দ্রুতগামী একটি ট্রাক সামনে থেকে আসা প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা আলী হোসেন মারা যান। এসময় প্রাইভেটকারে থাকা আরো দুই জন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকসহ চালক আব্দুল আল মামুনকে আটক করা হয়।
মীর আব্দুল আলীম/এফএ/এমএস