বুড়িচং

ট্রাক দিয়ে পার করা হচ্ছে পানিবন্দিদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৩ আগস্ট ২০২৪

কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যার পানি বেড়েই চলছে। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততই ভয়াবহ রূপ নিচ্ছে। পানি বন্দিদের উদ্ধারে ফায়ার সার্ভিস, রাজনীতিক কর্মীসহ বিভিন্ন সমাজিক সংগঠন কাজ করছেন। দুর্গতদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ট্রাক। ট্রাকে করে নেওয়া হচ্ছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১টায় সরেজমিনে উপজেলা ইছাপুরা ও বুড়বুড়িয়া এলাকা ঘুরে এ পরিস্থিতি দেখা যায়।

ট্রাক দিয়ে পার করা হচ্ছে পানিবন্দিদের

স্থানীরা জানায়, রাতে বুড়বুড়িয়া গ্রামে গোমতী নদীর বাঁধ ভেঙে তীব্র স্রোতে হু হু করে লোকালয়ে পানি ঢোকে। দুপুর ২টা পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে। তাদের মধ্যে অনেকের ঘরে বুক সমান পানি হয়ে যায়।

অপরদিকে, মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারণে কেউ কেউ খবরও পৌঁছাতে পারছেন না। গ্রামবাসীর আবেদন খবার না দিয়ে অন্তত উদ্ধার করা হোক। তারা প্রাণে বাঁচতে চান।
এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার গোমতী বাঁধের একটি অংশে ধসে পানি ঢুকতে থাকে।

ট্রাক দিয়ে পার করা হচ্ছে পানিবন্দিদের

মেহেদী হাসান জালাল নামে এক যুবক জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে একটি বোট নিয়ে কুমিল্লা শহরের সাতরা এলাকা থেকে আসি। দুপুর ২টা পর্যন্ত আমাদের টিম প্রায় শতাধিক পরিবার উদ্ধার করে ট্রাকে উঠিয়ে দিয়েছে। এখনো বহু পরিবার পানিবন্দি।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার জানিয়েছেন, পানির ক্রমেই বাড়ছে। প্রশাসনে পক্ষ থেকে উদ্ধার কাজ চলমান রয়েছে। পাশাপাশি সমাজিক সংগঠনও এতে অংশ নিয়েছে।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।