কক্সবাজারে আ.লীগের ৮ নেতাকে বহিষ্কার


প্রকাশিত: ০৫:৪৪ এএম, ০৩ মে ২০১৬

কক্সবাজারের চকরিয়া উপজেলার ৪ ইউনিয়নে আগামী ৭ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের ৮ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাত ১০টায় গণমাধ্যমে প্রেরিত জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ মে অনুষ্ঠিতব্য মাতামুহুরী সাংগঠনিক উপজেলার বদরখালী ইউনিয়নে নূরে হোছাইন আরিফ, পূর্ব বড় ভেওলা ইউনিয়নে খলিল্লুাহ চৌধুরী, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা এবং কোনাখালী ইউনিয়ন পরিষদে দিদারুল হক সিকদারকে নৌকা প্রতীক দিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী মনোনীত করা হয়েছে।

কিন্তু উল্লিখিত ইউনিয়নসমূহে দলীয় নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বদরখালী ইউনিয়নে আ. ন. ম হেফাজ সিকদার (চশমা প্রতীক), খাইরুল বশর (আনারস প্রতীক), মোহাম্মদ আলী (মোটরসাইকেল প্রতীক) বিদ্রোহী প্রার্থী হওয়ায়, পূর্ব বড় ভেওলা ইউনিয়নে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম. আজীজুর রহিম ও যুগ্ম সাধারণ সম্পাদক হারুন সরওয়ার বাদলকে, বিএনপি সমর্থিত প্রার্থী আনোয়ারুল আরিফ দুলালের পক্ষে কাজ করার কারণে পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে মাতামুহুরী উপজেলা আওয়ামী নেতা শাহাব উদ্দিনকে, বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মকসুদুল হক ছুট্টুকে এবং কোনাখালী ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোক্তার আহমদ বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচন করার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। তবে চুড়ান্তভাবে কেন বহিষ্কার করা হবে না তা আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।

যে সমস্ত নেতাকর্মী এখনও বিদ্রোহী বা অন্য দলের প্রার্থীর পক্ষে কাজ করছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নির্দেশ দিয়ে বলা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধেও আইনানুগ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সায়ীদ আলমগীর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।