বেনাপোল দিয়ে ভারত যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৭ অক্টোবর ২০২৪

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুস্তম খন্দকারকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। রুস্তম খন্দকার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার লালপুর গ্রামের তারা খন্দকারের ছেলে। তিনি ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত যাচ্ছিলেন। আটক রুস্তম ফতুল্লা থানায় করা একটি হত্যা মামলার আসামি।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারতে যাওয়ার জন্য সকালে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করেন রুস্তম খন্দকার। এসময় তার চলাফেরা দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশ জানতে পারে, রুস্তম ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং তিনি ফতুল্লা থানায় দায়েরকৃত আদিল হত্যা মামলার ১৭১ নম্বর আসামি। এসময় তাকে আটক করে বেনাপোল বন্দর পোর্ট পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মজুমদার বলেন, রুস্তম খন্দকারকে দেখে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে মনে হলে গুগলে তার নাম-ঠিকানা লিখে খুঁজে দেখেন ইমিগ্রেশন কর্মকর্তারা। তখন তার রাজনৈতিক পরিচয় জানতে পারেন। পরে ফতুল্লা থানায় যোগাযোগ করে জানা যায়, ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে করা কিশোর আদিল হত্যা মামলার আসামি তিনি। তখন তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

এর আগে বুধবার রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার আসামি শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল ও ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্দর কোঠা গ্রামের ফারুক হোসেনের ছেলে মাহাদী হাসান সোহেলকে (৩২) আটক করা হয়।

মো. জামাল হোসেন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।