মিরসরাই-জোরারগঞ্জে আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

মিরসরাই ও জোরারগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ও রোববার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী (৫৫), মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন (৬০) ও হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সওদাগর (৪৫)। গ্রেফতারদের মধ্যে দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার ওচমানপুর এলাকা থেকে লিয়াকত আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে রোববার রাতে হিঙ্গুলী এলাকা থেকে জামাল নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। ৫ আগস্টের পর জোরারগঞ্জ থানায় করা একাধিক রাজনৈতিক মামলার তদন্তে ঘটনার সাথে জামাল উদ্দিন সওদাগরের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, রোববার রাতে নিজ বাড়ি থেকে দেলোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির পদে রয়েছেন। বিস্ফোরক আইনের একটি মামলায় সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।